সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ মে ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে রুমা আকতার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন দরগাহ গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুমা ওই গ্রামের অটোরিকশাচালক সোলেমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে রুমা নিজ ঘরের বিমের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস নেন বলে দাবি করা হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাঁচানোর জন্য ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে খাটে রাখেন।

তবে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের বড় ভাই মো. আনোয়ার। অভিযোগ করে তিনি বলেন, তার বোনকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নানা সময়ে নির্যাতন করত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘরের খাট থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।