
চট্টগ্রামের পটিয়ায় চলন্ত সিএনজি অটোরিকশায় এক নারী শ্রমিককে ছুরির মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. খোরশেদ (২৬) পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার মৃত পিয়ার আহাম্মদের ছেলে।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ধরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন, ছিনতাইকাজে ব্যবহৃত একটি স্টিলের ছুরি এবং অটোরিকশাটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়া থানার গৈরালা টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলন্ত একটি অটোরিকশায় তিন দুর্ধর্ষ ছিনতাইকারী পৌর সদরের ইন্দ্রপুল লবণ ফ্যাক্টরির শ্রমিক শাহনাজ আক্তার এ্যানিকে (২২) ছুরির মুখে জিম্মি করে। পরে তারা তার ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ওই নারীকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঘটনার পর পটিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে মূল আসামি খোরশেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় পটিয়া থানায় দণ্ডবিধির ৩৯৪/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।