সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কয়েক ঘণ্টার ব্যবধানে জিইসি থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ মে ২০২৬ | ৭:৩১ অপরাহ্ন


চট্টগ্রামে ‘জুলাই গ্রাফিতি’ মুছে ফেলা নিয়ে উত্তেজনার জেরে নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সভা-সমাবেশ ও মিছিলের ওপর দেওয়া নিষেধাজ্ঞা কয়েক ঘণ্টার ব্যবধানেই প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টা থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর করা হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘গণবিজ্ঞপ্তি প্রত্যাহার’ শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা গণবিজ্ঞপ্তিটি আজ ১৮ মে সন্ধ্যা ৭টা থেকে জনস্বার্থে প্রত্যাহার করা হলো।

এর আগে, সোমবার সকালেই সিএমপি কমিশনারের সই করা অপর এক গণবিজ্ঞপ্তিতে জিইসি মোড় থেকে দেওয়ানহাট ফ্লাইওভার পর্যন্ত সড়ক এবং এর আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছিল।

মূলত রোববার রাতে টাইগারপাস এলাকায় চসিক কার্যালয়ের প্রবেশমুখে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকেই ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেই ওই নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ।

এদিকে, গ্রাফিতি মুছে ফেলার ওই অভিযোগ অস্বীকার করে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, তিনি এমন কোনো নির্দেশ দেননি। অন্যদিকে, সোমবার দুপুরে টাইগারপাস এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাগবিতণ্ডা এবং সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা এক নারী শিক্ষার্থীকে সরিয়ে দেওয়ার চেষ্টার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এসব ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ওই এলাকার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিল সিএমপি।