
সরকারি সেবামূলক সব অফিস দালাল ও দুর্নীতিমুক্ত করতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় পটিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি সেবামূলক অফিসগুলোতে কাজের গতি বেড়েছে। সাধারণ মানুষ যেন এসব দপ্তরে দ্রুত সেবা পায়, সে বিষয়ে তিনি জোর দিয়েছেন। দালালদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ সহজে ভূমিসেবা পায় না। দালাল ও দুর্নীতি বন্ধ করতে পারলেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কর্মকর্তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সেবা পাওয়া একজন নাগরিকের অধিকার। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন দালালদের দৌরাত্ম্যে হয়রানির শিকার না হন, সেদিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে।
এর আগে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম। জনগণের কাছে সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দিতে এই মেলায় খতিয়ান, দালালমুক্ত ভূমিসেবা, অনলাইন প্রক্রিয়া ও নাগরিক সহায়তাবিষয়ক ইনফো স্টলসহ নানা সেবার ব্যবস্থা রাখা হয়েছে।
পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে ভূমি অফিস মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া ক্লাবের সদস্যসচিব মোজাম্মেল হক, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন প্রমুখ।