সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন: ট্রাক জব্দ, জরিমানা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ মে ২০২৬ | ১০:৫৪ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইছাছড়ি এলাকার ছড়াখালে শ্যালো মেশিন বসিয়ে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছে স্থানীয় একটি চক্র।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব দাপ্তরিক কাজে ওই এলাকায় গেলে বালু উত্তোলনের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে বালুবোঝাই একটি ট্রাক জব্দ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব জানান, মঙ্গলবার বিকেলে উত্তর হারবাং ইছাছড়ি এলাকায় একটি দাপ্তরিক পরিদর্শনে যান তিনি। সেখানে ছড়াখালে শ্যালো মেশিন বসিয়ে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলনের দৃশ্য দেখতে পান। এ সময় ঘটনাস্থল থেকে বালুবোঝাই একটি ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া না গেলেও পরবর্তীতে খানে আলম নামের এক ব্যক্তি ভূমি অফিসে উপস্থিত হয়ে বালুগুলো তাঁর বলে দায় স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। তবে উত্তোলিত বালুগুলো জব্দ রাখা হয়েছে।

এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, উত্তর হারবাং ইছাছড়ি এলাকায় আলোচিত বালুদস্যু নাজেম উদ্দিনের নেতৃত্বে একটি চক্র সম্প্রতি ছড়াখালে শ্যালো মেশিন বসিয়ে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছে। চক্রটির পরিবেশবিধ্বংসী এ কর্মকাণ্ডের কারণে ওই এলাকার ফসলি জমি ধসে যাচ্ছে এবং আশপাশের বাড়িঘর ভেঙে ব্যাপক ক্ষতির সৃষ্টি হচ্ছে। জড়িত এই বালুখেকো চক্রের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।