সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি শাহজাহান চৌধুরীর

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ মে ২০২৬ | ৪:০৫ অপরাহ্ন


মাদকের ভয়াবহ বিস্তারে দেশের যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, মাদকের কারণে সমাজে হত্যা, চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকের বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক কারবারিদের সমূলে উৎপাটনে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (২০ মে) দুপুরে সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শাহজাহান চৌধুরী আরও বলেন, কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। অল্পবয়সী তরুণদের অপরাধে জড়িয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক। কিশোর গ্যাং দমনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো কিশোর যাতে মাদক, সন্ত্রাস ও অপরাধে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন মেজর সাকিবুজ্জামান পারভেজ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, ট্রাফিক ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য এম ওয়াজেদ আলী এবং সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবর।

এ ছাড়া সভায় ছদাহা ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী, কেওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ঢেমশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, চরতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারোয়ার কামাল, আছিফুর রহমান সিকদার এবং সাংবাদিক মিজানুর রহমান রুবেলসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।