
চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় কাটার সঙ্গে যুক্ত অপরাধীদের সহায়তা করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. সাকিব (৩০) নামের এক যুবককে দেড় লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাহাড় কেটে মাটি দিয়ে জমি ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভ্রাম্যমাণ আদালত। তবে সেখানে পৌঁছানোর আগেই মূল অপরাধীরা পালিয়ে যায়। পরে অভিযান চলাকালে পার্শ্ববর্তী ধলই ইউনিয়নের বাসিন্দা সন্দেহভাজন মো. সাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ম্যাজিস্ট্রেট আসার খবর অপরাধীদের আগেই জানিয়ে দিয়ে তাঁদের পালাতে সহায়তা করার কথা স্বীকার করেন।
পাহাড় কেটে মাটি দিয়ে জমি ভরাটের অপরাধে সহায়তা করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২৩ এবং দণ্ডবিধি-১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।