
কক্সবাজারের চকরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহত নুরুল হোসেন মনু (২৮) কক্সবাজার পৌরসভার দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকার ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সড়কে ইয়াবা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা লুটে নিতে হুমড়ি খেয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে দুজন চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ লেখা একটি নোহা গাড়ি তাদের পেছন থেকে ধাওয়া করে।
পালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (চট্টগ্রাম-গ ০৫-০০৬৩) সঙ্গে মোটরসাইকেলটির (ঢাকা মেট্রো-ল ৬০-১২৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরুল হোসেন নিহত হন এবং তার সঙ্গী আহত অবস্থায় পালিয়ে যান।
স্থানীয়রা হতাহতদের উদ্ধারের বদলে সড়কে ছড়িয়ে থাকা ইয়াবা কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে এবং বিপুল পরিমাণ ইয়াবা লুট করে নিয়ে যায়।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
স্থানীয়রা ধাওয়ার কারণে দুর্ঘটনা ঘটার কথা বললেও ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাউকে পায়নি বলে জানান ওসি মো. মাহবুবুর রহমান।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর আরোহীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ওয়েবসাইটে দেওয়া সরকারি মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।