
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম (টিসিজেএ)।
জানা যায়, নির্বাচন চলাকালে লাইভ সম্প্রচারের দায়িত্ব পালন করছিলেন ‘চ্যানেল ওয়ান’-এর ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন এবং টিসিজেএর স্থায়ী সদস্য চিত্রসাংবাদিক অমিত দাশ। এ সময় নির্বাচন কমিশনের সদস্যরা তাদের ওপর বর্বরোচিত হামলা চালান।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও সহিংস আচরণ স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম এবং গণতন্ত্রের জন্য এক মারাত্মক হুমকিস্বরূপ।
তারা জানান, একটি দায়িত্বশীল সংগঠনের নির্বাচন কমিশনের সদস্যদের কাছ থেকে এমন অপেশাদার ও উগ্র আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন টিসিজেএ নেতারা। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী টিসিজেএ নির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি এনাম হায়দার, সহ-সভাপতি সঞ্জীব দে বাবু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিস উদ্দিন, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম উদ্দিন।