সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শিক্ষিত জাতি গঠনে কাজ করছে সরকার: এমপি এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ মে ২০২৬ | ৯:২৮ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আবদুন নুর (এসএ নুর) উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পন্ন হয়।

জানা যায়, সংসদ সদস্য এনামুল হক এনাম এই বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনাম বলেন, বর্তমান সরকার একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সরকার নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে নিজের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানটির প্রতি আমার আলাদা দায়বদ্ধতা রয়েছে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নারীদের শিক্ষিত করে গড়ে তুলতে পারলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। সমাজ ও জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, কথার চেয়ে কাজে বেশি মনোযোগ দিতে হবে। শিক্ষার সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

নারী শিক্ষার অগ্রগতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা মানুষ সবসময় স্মরণ রাখবে বলেও উল্লেখ করেন বক্তারা।

এ সময় বিদ্যালয়ের উন্নয়নের জন্য একটি আধুনিক হলরুম, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ল্যাব ও নামাজঘর নির্মাণসহ প্রতিষ্ঠানটি সরকারি করার জোর দাবি জানানো হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ মহিউদ্দিন আনসারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহান কলি এবং প্রাক্তন শিক্ষার্থী পরিষদের যুগ্ম সম্পাদক তৌহিদ তুহিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এবং বিদ্যালয়ের দাতা সদস্য শামসুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সভাপতি ও দাতা সদস্য আব্দুল মোমেন, এডহক কমিটির সাবেক সভাপতি ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত এবং হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম।

সাবেক প্রধান শিক্ষক হারুন উর রশিদ এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মঈনুল আলম (ছোটন) সহ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ সময় এমপি এনাম বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।