
কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক বা টমটমের ব্যাটারির চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হানিফ (২৫) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমিরখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হানিফ ওই এলাকার প্রয়াত বাদশা সওদাগরের ছেলে। পেশায় তিনি একজন টমটম চালক ছিলেন।
কোনাখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. শেকাব উদ্দিন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি মেম্বার মো. শেকাব উদ্দিন জানান, বাড়ির পাশের একটি গ্যারেজে হানিফ নিয়মিত নিজের টমটম গাড়িটি চার্জ দিতেন। বুধবার রাতেও তিনি যথারীতি গ্যারেজে গাড়িটি চার্জে লাগিয়ে রেখেছিলেন।
বৃহস্পতিবার সকালে গ্যারেজে গিয়ে চার্জের লাইন খুলে গাড়িটি বের করার প্রস্তুতি নিচ্ছিলেন হানিফ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
তরুণ এই চালকের এমন মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, কোনাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে টমটম চালকের মৃত্যুর ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি।