
শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগ এবং তীব্র পরিবহন সংকট নিরসনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) ৪টি বড় বাস উপহার দিচ্ছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দীন।
বৃহস্পতিবার বিকেলে চুয়েটের সিন্ডিকেট কক্ষে এই উপলক্ষে চুয়েট এবং জসিম উদ্দীন ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রবাসী এই ব্যবসায়ী নিজের গড়া স্বেচ্ছাসেবী সংস্থা ‘জসিম উদ্দিন ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ২০২৬ সালের নতুন মডেলের এই বাসগুলো প্রদান করছেন। প্রতিটি বাসে ৭২ জন শিক্ষার্থীর বসার আসন থাকবে।
সভায় চুয়েট কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশে একটি সুনির্দিষ্ট ও দুশ্চিন্তামুক্ত পরিবেশ প্রয়োজন। পরিবহন সংকট চুয়েটের শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের একটি বড় সমস্যা ছিল, যা তাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলত। নতুন ৪টি বাস উপহার পাওয়ায় শিক্ষার্থীদের সেই সংকট আর থাকবে না বলে আশা প্রকাশ করা হয়।
বক্তারা জানান, এই চুক্তির মাধ্যমে জসিম উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জসিম উদ্দীন শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তার এই উদার উদ্যোগ শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনকে অনেক বেশি সহজ, নিরাপদ ও গতিশীল করে তুলবে। শিক্ষার উন্নয়নে তার এই অবদান সর্বস্তরের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হতে পারে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।
অনুষ্ঠানে চুয়েটের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জসিম উদ্দীন।
চুয়েটের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, পরিবহন দপ্তরের পরিচালক সৈয়দ মাসরুর আহম্মদ এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামানিক।
আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন তানসি, পরিচালক মোক্তার আহমেদ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন এবং মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বেলাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (আইন ও এস্টেট) এস. এম. মোখতারুল মোস্তফা, সহকারী রেজিস্ট্রার (আইন ও এস্টেট) মো. জোবায়ের হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু।
অনুষ্ঠান শেষে চুয়েটের পক্ষ থেকে কৃতজ্ঞতাস্বরূপ জসিম উদ্দিন ও তার জ্যেষ্ঠ ছেলে মোহাম্মদ জোবায়ের উদ্দিন তানসির হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।