
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের ছয় দিন পর মো. মফিজ (১৫) নামের এক কিশোরের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২২ মে) বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ মে সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন দুধপুকুরিয়া পূর্ব পাহাড় এলাকার নিজ বাড়ি থেকে কিশোর মফিজ নিখোঁজ হয়। এই ঘটনায় তার বাবা মো. আবু মুছা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন।
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন যে, দুধপুকুরিয়া পূর্ব পাহাড় এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের চিতাখোলার ভেতরে মাটিচাপা অবস্থায় একটি মরদেহ রয়েছে।
খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে কিশোর মফিজের মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
উদ্ধারের পর পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এছাড়া, গত ২১ মে একই এলাকার মাহবুব আলম ওরফে মাকু আলম (৩৮) নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার সঙ্গে কিশোর খুনের কোনো যোগসূত্র রয়েছে কি না, পুলিশ তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় নিহত কিশোরের মা রুবি আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।