
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু ভূঁইয়া পাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন খননকাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই ওই এলাকার অন্তত দুই শতাধিক বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এর ফলে বছরের পর বছর ধরে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে একটি কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে জোর দাবি জানিয়ে আসছিলেন।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের সহযোগিতায় এই ড্রেন খননকাজ শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, এই কাজটি পুরোপুরি বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার একটি স্থায়ী সমাধান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, বিএনপি নেতা হায়দার মাহমুদ শিপন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহেদ আহসান এবং সাবেক ছাত্রনেতা শোয়েব হাসানসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তি।