সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দীঘিনালায় জাল টাকাসহ গ্রেপ্তার ৩

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ মে ২০২৬ | ৬:৩৭ অপরাহ্ন


খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের একটি বিশেষ অভিযানে জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব শেখের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকায় একটি সাবান ফ্যাক্টরির সামনের পাকা সড়ক থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. হাবিব (৩২), মো. হাবিবুর রহমান (৩১) এবং মো. গাজী আলম (৩২)। তাদের সবার বাড়ি দীঘিনালার মধ্য বোয়ালখালী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের চারটি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি নোটে একই সিরিজ নম্বর উল্লেখ ছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করে আলামত থানায় নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় এসআই মো. রাজিব শেখ বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ (অ)(ই) ধারায় রুজু করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।