সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে বজ্রপাতে কোরবানির জন্য প্রস্তুত করা লাখ টাকার গরুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ মে ২০২৬ | ৫:০১ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা একটি গরুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরী বাড়ির বাসিন্দা দিদারুল আলম কোরবানির জন্য গরুটি মোটাতাজা করেছিলেন।

জানা গেছে, বাড়ির অদূরে মাঠে বাঁধা ছিল প্রায় ৩ মণ ওজনের ষাঁড়টি। রোববার দুপুরে হঠাৎ বজ্রপাতে গরুটি মারা যায়।

গত শুক্রবার বিক্রির জন্য ষাঁড়টি স্থানীয় আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। ক্রেতারা ১ লাখ ১০ হাজার টাকা দাম হাঁকালেও মালিক দিদারুল আলম ১ লাখ ২০ হাজার টাকার আশায় সেটি বিক্রি করেননি।

গরুর মালিক দিদারুল আলম আক্ষেপ করে জানান, অনেক কষ্টে কোরবানিতে বিক্রির জন্য গরুটি মোটাতাজা করেছিলেন। সকালে বাড়ির পাশে মাঠে বেঁধে আসার পর দুপুরে খবর পান বজ্রপাতে গরুটি মারা গেছে।

তিনি আরও জানান, গরুর কাছে গিয়ে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের গরুটি মারা যাওয়ায় তার অনেক বড় আর্থিক ক্ষতি হয়ে গেল।

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মায়ানীতে বজ্রপাতে গরু মারা যাওয়ার খবরটি তিনি শোনেননি, তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখছেন।