সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ মে ২০২৬ | ১২:৩৩ পূর্বাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফুল ইসলাম আইয়ুব (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) রাত ৯টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকা থেকে শরিফুল ইসলাম আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলাম আইয়ুব পার্শ্ববর্তী জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কবির মাঝির বাড়ির মো. জহিরের ছেলে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফের নেতৃত্বে পুলিশের একটি দল প্রায় এক ঘণ্টার অভিযান চালিয়ে কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার থেকে অভিযুক্ত শরিফুল ইসলাম আইয়ুবকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় গ্রেপ্তার শরিফুল ইসলাম আইয়ুবকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বর্তমানে তার পরিবারের হেফাজতে নিরাপদে রয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

সার্বিক বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া মাত্রই পুলিশের দ্রুত অভিযানে অভিযুক্ত শরিফুল ইসলাম আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি জিয়াউল হক আরও জানান, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে গ্রেপ্তার যুবককে আদালতে প্রেরণ করা হবে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।