
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদারের চকরিয়া পৌরসভাস্থ স্বপ্নপুরী ক্লাবের পশ্চিম পাশে নিজ বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ মে) ভোর চারটার দিকে একদল সশস্ত্র ডাকাত দিদারুল হক সিকদারের বাড়ির দরজার সিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে এই তাণ্ডব চালায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডাকাতদল ঘরে ঢুকেই দিদারুল হক সিকদারের স্ত্রী জয়নব আক্তার ও সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর ঘরে থাকা মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বেশ কিছু সামগ্রী লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা।
দিদারুল হক সিকদারের শ্যালক মফিজুর রহমান জানান, সোমবার ভোররাতে হঠাৎ একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে ফেলে এবং আলমিরা ও ড্রয়ার ওলটপালট করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানান মফিজুর রহমান।
এই ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দিদারুল হক সিকদারের স্ত্রী জয়নব আক্তার।
এদিকে একই রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় ব্যবসায়ী হাবিবুর রহমান বেদার চৌধুরীর বাড়িতেও স্বর্ণালংকার ও মোবাইল লুটের ঘটনা ঘটেছে।
লক্ষ্যারচর রুস্তম আলী চৌধুরী পাড়ার আইয়ুব চৌধুরীর ছেলে হাবিবুর রহমান বেদার চৌধুরী জানান, গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ অস্ত্রধারী দুজন লোক বাড়িতে ঢুকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা হাবিবুর রহমান বেদার চৌধুরীর বাড়ি থেকে মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গেই থানা পুলিশকে অবহিত করা হয় এবং রাতেই চকরিয়া থানার ওসি তদন্তের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান হাবিবুর রহমান বেদার চৌধুরী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পাওয়া মাত্র তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুটি ঘটনাই অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন মো. মনির হোসেন।
মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো বলেন, রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার দীর্ঘদিন ধরে কারাবন্দি আছেন। সেই সুযোগে পুরুষশূন্য বাসায় তার স্ত্রী জয়নব আক্তার ও সন্তানদের এভাবে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মকছুদুল হক ছুট্টো।