সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিদ্যুৎ বিভ্রাটের তথ্য জানাবে মসজিদ: ইমাম-মুয়াজ্জিনদের তালিকা করার নির্দেশ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৬ মে ২০২৬ | ২:৩৫ অপরাহ্ন


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুৎ সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদে ঘোষণার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা ও মোবাইল ফোন নম্বরের তালিকা বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার অংশ হিসেবে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিভ্রাটের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের তা আগাম অবহিত করতে হবে।

এই লক্ষ্য অর্জনে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে তাৎক্ষণিক ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। একইসঙ্গে সংগৃহীত এই তথ্য বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে দেশব্যাপী সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে কর্মকর্তাদের তৈরি করা প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।