সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় বেতুয়াবাজার সড়কে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৫

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ মে ২০২৬ | ৫:৫১ অপরাহ্ন


পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ঘিরে কক্সবাজারের চকরিয়ায় ডাকাত ও সন্ত্রাসী চক্রের অপতৎপরতা বেড়েছে। এরই মধ্যে সোমবার রাতে চকরিয়া উপজেলার বেতুয়াবাজার-আমানচর সড়কে ডাকাতির চেষ্টাকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।

এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে চকরিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই পাঁচ ব্যক্তি হলেন আইয়ুব আলী (৪২), ইব্রাহিম সোহেল (২৭), আবু হানিফ (২৯), সাইফুল ইসলাম (২০) এবং নাজিম উদ্দিন (৪৮)।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাতে চকরিয়া বেতুয়াবাজার সড়কে ডাকাত দলের সদস্যরা জড়ো হয়ে চলাচলরত যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে একটি সিএনজিসহ আইয়ুব আলী, ইব্রাহিম সোহেল, আবু হানিফ, সাইফুল ইসলাম ও নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সার্বিক বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামিরা স্বীকার করেছেন, তাঁরা সংঘবদ্ধভাবে সড়কে ডাকাতির উদ্দেশ্যেই সেখানে জড়ো হয়েছিলেন। এই চক্রটি দীর্ঘদিন ধরে ওই সড়কে বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে ডাকাতি করে আসছিল।

ওসি মোহাম্মদ মনির হোসেন আরও জানান, গ্রেপ্তার হওয়া আইয়ুব আলী, ইব্রাহিম সোহেল, আবু হানিফ, সাইফুল ইসলাম এবং নাজিম উদ্দিনের বিরুদ্ধে মঙ্গলবার চকরিয়া থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই দিন দুপুরে তাদের সবাইকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।