
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের পৃথক অভিযানে যুবলীগের এক কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) বিভিন্ন সময়ে পটিয়া থানা পুলিশের অভিযানে উপজেলা ও পৌরসদরের কয়েকটি এলাকা থেকে এই ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পটিয়া পৌরসদরের পশ্চিম গোবিন্দারখীল ধোপাপুকুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত অভিযানে এজাহারনামীয় আসামি ও যুবলীগ কর্মী মো. সাকিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. সাকিবের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
অন্যদিকে, এএসআই (নিরস্ত্র) শ্রীবাস চন্দ্র দে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দায়রা নং-২২৭৩/২৪, সিআর মামলা নং-৪৭৬/২৪ (পটিয়া), এনআই অ্যাক্টের ১৩৮ ধারার সাজাপ্রাপ্ত আসামি মুহাম্মদ ওমর ফারুককে পটিয়া পৌরসভার বড় বাজারসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেন। এএসআই শ্রীবাস চন্দ্র দে মুহাম্মদ ওমর ফারুককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া, এসআই সমীর ভট্টাচার্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পটিয়া থানার মামলা নং-২০ (তারিখ ১৫/০৯/২০২৫ ইং), ধারা ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোডের চুরি মামলার আসামি মো. ইমতিয়াজ প্রকাশ ফাহিমকে (২২) গ্রেপ্তার করেন। এসআই সমীর ভট্টাচার্য মো. ইমতিয়াজ প্রকাশ ফাহিমকে গ্রেপ্তারের অভিযানে নেতৃত্ব দেন।
অপরদিকে, এএসআই (নিরস্ত্র) জাফর আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর নং-৯৪/২২, পেনাল কোডের ৩০৬ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি কহিনুর আক্তারকে গ্রেপ্তার করেন। এএসআই জাফর আহাম্মদ কহিনুর আক্তারকে গ্রেপ্তারে ভূমিকা রাখেন।
সার্বিক বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামি মো. সাকিব, মুহাম্মদ ওমর ফারুক, মো. ইমতিয়াজ প্রকাশ ফাহিম এবং কহিনুর আক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক আরও জানান যে, পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।