সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাতামুহুরী নদীর ভাঙন রোধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, সিসি ব্লক স্থাপনের দাবি

এম. জিয়াবুল হক | প্রকাশিতঃ ২৬ মে ২০২৬ | ১০:২৪ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার বুক চিরে প্রবাহিত মাতামুহুরী নদীর ভয়াল থাবায় প্রতিবছর বর্ষাকালে নদীতে বিলীন হচ্ছে জনবসতিপূর্ণ বিস্তীর্ণ জনপদ। এমন পরিস্থিতিতে নিজেদের বাপ-দাদার ভিটেমাটিতে বসবাস করা নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন হাজারো পরিবারের মানুষ।

বর্তমানে চকরিয়া পৌরশহর রক্ষা বাঁধ এবং নামার চিরিঙ্গা মামা-ভাগিনার মাজার, মজিদিয়া মাদ্রাসা পয়েন্ট এবং আবদুলবারী পাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার শত শত বসতবাড়ি এখন নদীগর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

চকরিয়া পৌরসভার নদীভাঙন কবলিত মানুষের দুর্বিষহ অবস্থা তুলে ধরে এবং মাতামুহুরী নদীর করাল গ্রাস থেকে আতঙ্কিত জনগণের সুরক্ষা নিশ্চিতে একটি লিখিত আবেদন জানানো হয়েছে। টেকসই সিসি ব্লক দ্বারা নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে গত ২৪ মে তারিখে এই লিখিত আবেদনটি জানিয়েছেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম।

আবেদনের সূত্র ধরে চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম বলেন, মাতামুহুরী নদীর তীব্র ভাঙনের হুমকির মুখে থাকা চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাইড বাঁধ থেকে মজিদিয়া মাদ্রাসা পর্যন্ত ১ হাজার ৬০০ মিটার এলাকায় সিসি ব্লক স্থাপনের দাবি জানানো হয়েছে।

এম. আবদুর রহিম আরও জানান, এর পাশাপাশি পাশের ৮ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা অংশ থেকে নামার চিরিঙ্গা মামা-ভাগিনা মাজার পর্যন্ত ৭০০ মিটার এবং চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুলবারী পাড়ার ড্রেন থেকে আমানপাড়ার রাস্তার মাথা পর্যন্ত ১০০ মিটার এলাকায় নদীতে টেকসই সিসি ব্লক দ্বারা উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য জনদাবি তুলে ধরা হয়েছে।

বিএনপি নেতা এম. আবদুর রহিম কর্তৃক জনস্বার্থ সংশ্লিষ্ট এই আবেদনে সাড়া দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জরুরি ভিত্তিতে একটি নির্দেশনা দিয়েছেন। মাতামুহুরী নদীর ভাঙন ঠেকাতে ২ হাজার ৪০০ মিটার এলাকায় টেকসই সিসি ব্লক দ্বারা নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে এই নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, মাতামুহুরী নদীর ভাঙন ঠেকাতে চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিমের দেওয়া আবেদনটি এখনো নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পৌঁছায়নি।

উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আবেদনপত্র প্রাপ্তি সাপেক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনার আলোকে মাতামুহুরী নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নে পাউবোর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম বলেন, কোরবানির ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সুপারিশকৃত আবেদনের কপিটি জমা দেওয়া যায়নি। তবে ছুটি শেষে সরকারি অফিস খোলার পর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আবেদনটি জমা দেওয়া হবে বলে এম. আবদুর রহিম নিশ্চিত করেছেন।