সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কর্ণফুলীতে নৌকাডুবি: নববধূ নিখোঁজ, শিশুসহ কয়েকজন হাসপাতালে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ মে ২০২৬ | ৭:২৬ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় নৌকায় থাকা অপর পাঁচজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে এক শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কনিকা দাশ কোদালা ইউনিয়নের জেলে পাড়ার রুবেল দাশের স্ত্রী এবং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের মৃণালপাড়া এলাকার দুলাল দাশের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কোদালা ইউনিয়নের জেলে পাড়ায় বাবার বাড়ি থেকে নবদম্পতি কনিকা দাশ ও রুবেল দাশ পরিবারের অন্য সদস্যদের নিয়ে নৌকাযোগে চন্দ্রঘোনা কদমতলীর মৃণালপাড়ায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। কনিকা দাশ ও রুবেল দাশকে বহনকারী নৌকাটি কর্ণফুলী নদীর মাঝপথে পৌঁছালে হঠাৎ তীব্র ঝোড়ো হাওয়ার কবলে পড়ে উল্টে যায়।

নৌকাডুবির পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে কনিকা দাশের স্বামী রুবেল দাশসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। পরে উদ্ধারকৃতদের দ্রুত চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন— রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫) ও তার স্বামী রুপন ঘোষসহ আরও একজন। হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। তবে অনিশ ঘোষসহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সন্তান রাজ ঘোষ ও অনিশ ঘোষসহ উদ্ধার হওয়া পলি দাশ জানান, নিখোঁজ কনিকা দাশের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ দমকা হাওয়ায় তাদের নৌকাটি ডুবে যায়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার জাহেদুর রহমান জানান, নিখোঁজ কনিকা দাশকে উদ্ধারে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসছে। পাশাপাশি নৌবাহিনীর একটি দলও উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কথা রয়েছে। ডুবুরি দল পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে বলে জাহেদুর রহমান জানান। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় লোকজন সার্বিক সহযোগিতা করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ নববধূ কনিকা দাশের কোনো সন্ধান মেলেনি।