
দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় ঈদে ঘরে ফেরা মানুষ বেশ ভোগান্তিতে পড়েন। থেমে থেমে বৃষ্টির এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আগামী চারদিন অর্থাৎ রোববার পর্যন্ত বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ঈদের দিনেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ঈদের পরও তিন থেকে চার দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, ঈদের দিন বৃহস্পতিবার সকালে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা বা রাতের দিকে পুনরায় বৃষ্টি নামতে পারে বলে তরিফুল নেওয়াজ পূর্বাভাস দিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামীকাল শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ওই দিন সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
রোববার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।