
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাম্প্রতিক সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
শনিবার সকাল থেকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পটিয়ার বিভিন্ন এলাকায় নিহতদের বাড়িতে যান। এ সময় নিহতদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
গত এক সপ্তাহে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ইউসুফ, গোবিন্দরখীল এলাকার হারুনুর রশিদ, আশিয়া ইউনিয়নের মোহাম্মদ রুবেল, কচুয়াই ইউনিয়নের ওয়ালিদ আল তাসলিম এবং শাহাদাত হোসেন সামি নিহত হন। নেতৃবৃন্দ এসব শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
এ সময় মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণহানি অত্যন্ত উদ্বেগজনক। নিহতদের পরিবারের শোক জানানোর ভাষা তারা হারিয়ে ফেলেছেন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আরমান উদ্দীন আজাদ, যুগ্ম সমন্বয়কারী শহিদুল ইসলাম এবং হায়দার আলী। এছাড়া ছাত্রশক্তির চট্টগ্রাম জেলা সংগঠক আশরাফুল ইসলাম ত্বকী, রবিউল ইসলাম, মিসকাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এনসিপির এ উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানিয়েছেন।