
দলীয় ভেদাভেদ ভুলে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মিরসরাইয়ের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন।
শনিবার বিকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল আমিন বলেন, সদ্য দায়িত্ব পাওয়া মিরসরাই থানা যুবদলের সমন্বয়করা যুবসমাজকে সংগঠিত করে দলের আদর্শ বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠান শেষে সদ্য নির্বাচিত মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমন ও সমন্বয়ক মো. হারুনুর রশীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
খৈয়াচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আরিফ মাঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশীদ, এস এম সুমন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি দিদারুল করিম মাস্টার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, খৈয়াচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন সুমন, সদস্য সচিব আবু তালেব শিবলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিক, সদস্য সচিব আকবর মির্জা, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসলাম খান, সাহেরখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হোসেন এবং মো. শাহজাহান খোকন।