সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই তরুণের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ মে ২০২৬ | ১০:৪৫ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকার রাঙাপানি চা-বাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।

শনিবার বিকেলে চা-বাগানের ৪ নম্বর সেকশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাউজান উপজেলার নোয়াজিশপুর এলাকার সঞ্জিত দাশের ছেলে সীমান্ত দাশ এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক। আহত মো. জাহেদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সীমান্ত, জয় ও জাহেদ একটি মোটরসাইকেলে করে ফটিকছড়ির ‘মিনি কাশ্মীর’ খ্যাত রাঙাপানি চা-বাগানে ঘুরতে যান। বিকেলে চা-বাগানের ৪ নম্বর সেকশন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সেটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমান্ত ও জয়কে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।