সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে লেকে ডুবে শিশু ও এগ্রোফার্ম মালিকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ মে ২০২৬ | ১২:৫৭ পূর্বাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে একটি এগ্রোফার্মের লেকে নৌকাবিহারে গিয়ে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ ওই শিশুকে বাঁচাতে গিয়ে এগ্রোফার্মের মালিকেরও প্রাণ গেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন এনডিএস এগ্রো লিমিটেডের লেকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, তিন বছর বয়সী শিশু মুনতাহা এবং এনডিএস এগ্রো লিমিটেডের মালিক মো. মফিজ উদ্দিন (৪৫)। মুনতাহা নঈম উদ্দিন আজাদের মেয়ে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে ওই এগ্রোফার্মে বেড়াতে যান কয়েকজন। সেখানে শিশু ও স্বজনরা লেকে নৌকাবিহারে বের হলে একপর্যায়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে তিন শিশুসহ চারজন পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের চেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও তিন বছর বয়সী মুনতাহা নিখোঁজ থাকে।

নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন এগ্রোফার্মের মালিক মো. মফিজ উদ্দিন। দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতা চালানোর একপর্যায়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ শিশু মুনতাহাকেও উদ্ধার করা হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।