
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কাঞ্চন নগর রেনেসাঁ’র উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় ১২০০ রোগী।
শনিবার রুস্তমিয়া মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মানুষ চিকিৎসাসেবা নিতে সেখানে ভিড় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চন নগর রেনেসাঁর সভাপতি মাওলানা আয়ুব আলী। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মুহাম্মদ ইলিয়াস। স্বাস্থ্য ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রকৌশলী শাহ আলম এবং ডা. আবরার ফয়সাল সিয়াম। তারা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই মূলত এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে ‘কাঞ্চন নগর রেনেসাঁ’ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকার সাধারণ মানুষ এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।