সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ জুন ২০২৬ | ৭:৩৮ অপরাহ্ন


পটিয়া প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক ইনকিলাবের পটিয়া প্রতিনিধি নুর হোসেনকে সভাপতি এবং একুশে পত্রিকা ও দৈনিক আমার দেশের পটিয়া প্রতিনিধি রবিউল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার বিকালে পটিয়া প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের এটিএম তোহা, সহ-সভাপতি দৈনিক যুগান্তরের আবেদুজ্জামান আমেরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের কাউছার আলম।

এছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের বিকাশ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয় টিভির রনি কান্তি দেব, দপ্তর সম্পাদক পদে নাগরিক টিভির মোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক পদে এশিয়ান টিভির শহীদুল ইসলাম এবং আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক পদে দেশ টিভির মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাস্টার শফিউল আলম, চট্টগ্রাম মঞ্চের গোলাম কাদের, দেশ রূপান্তরের আ ন ম সেলিম, বৈশাখী টেলিভিশনের ওসমান গনি, সাঙ্গুর গিয়াস উদ্দিন এবং নয়া দিগন্তের এস এম রহমান।

সভায় নবনির্বাচিত সভাপতি নুর হোসেন জানান, পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সবাই মিলে কাজ করবেন। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক রবিউল হোসেন জানান, পটিয়ার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রাণবন্ত প্রেস ক্লাব গড়ে তোলার চেষ্টা থাকবে তাদের।

সভায় অন্যান্য বক্তারা জানান, পেশাগত নীতি-নৈতিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পটিয়ার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।

জরুরি সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেস ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।