সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রবাসীর ঘরে ফেরার এক ঘণ্টার মধ্যেই স্ত্রীর রহস্যজনক মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ জুন ২০২৬ | ৭:৫৭ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে বিদেশফেরত স্বামীর ঘরে ফেরার মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রিয়া শীল নামে এক গৃহবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত প্রিয়া শীল হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার মৃত সুলাল শীলের মেয়ে এবং রাউজানের দুবাই প্রবাসী নয়ন শীলের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ১০ জুন দুবাই থেকে নয়ন শীলের দেশে আসার কথা ছিল। কিন্তু পরিবারের কাউকে কিছু না জানিয়ে সোমবার সকাল ১০টায় আকস্মিকভাবে তিনি বাড়িতে পৌঁছান। এর ঠিক এক ঘণ্টা পর বাড়ি থেকে কয়েক শত ফুট দূরের একটি গোসলখানা থেকে প্রিয়া শীলের মরদেহ উদ্ধার করা হয়।

“আমাদের প্রথমে জানানো হয়েছিল প্রিয়া নালায় পড়ে গিয়ে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আমরা তার আত্মহত্যার খবর পাই।”— রূপনা শীল, নিহতের মা।

নিহতের মা রূপনা শীল আরও জানান, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারা জানতে পারেন স্বামী নয়ন শীলের শারীরিক সমস্যা রয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

অন্যদিকে, অভিযুক্ত স্বামী নয়ন শীলের দাবি, তার স্ত্রী প্রিয়া শীল গোসলখানায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি নিজেই দরজা ভেঙে স্ত্রীর মরদেহ উদ্ধার করেন বলে জানিয়েছেন।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।