সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ জুন ২০২৬ | ২:৪৯ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর ভাইরাল হওয়া ভিডিওর জেরে যুবদল নেতা মিজানুর রহমান কফিলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

নৈতিক স্খলনের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান কফিলের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। যুবদলের সব নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার দুপুরে পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন কফিল। তিনি ওই এলাকার মৃত সোলায়মান মেম্বারের ছেলে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা কফিলকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সেখানে একটি অটোরিকশায় এক নারীকেও ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, ওই নারীর সঙ্গে কফিলের দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। রোববার সেখানে গেলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে।

এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কফিলের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। লিখিত মুচলেকা নিয়ে প্রায় তিন ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শান্তিপূর্ণভাবে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর রহমান কফিল।

তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে হেয় করতে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করছে। এক আত্মীয়ের বাড়িতে লেনদেনের বিষয়ে কথা বলতে গেলে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।