
চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের শ্রীমতি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকেরপাড়া এলাকার ঠেগরপুনি মন্দিরের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে শ্রীমতি খালে একটি মরদেহ ভাসতে দেখে পটিয়া থানা পুলিশকে খবর দেন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে খালে ফেলে দেওয়া হতে পারে। পরে জোয়ারের স্রোতে ভেসে মরদেহটি ভাটিখাইনের শ্রীমতি খালে চলে আসে।
তবে নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
তিনি আরও জানান, বিষয়টির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত না হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।