
খাগড়াছড়ির দীঘিনালায় নিজ ঘর থেকে মো. হাসান নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালখালি ইউনিয়নের বাবুপাড়া ভাঙা বিল্ডিং এলাকা থেকে ৩৫ বছর বয়সী এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. হাসান বোয়ালখালী ইউনিয়নের বাসিন্দা মো. সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মো. হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তার পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত।
নিহতের স্ত্রী জানান, সোমবার বিকেলে পারিবারিক কলহের জেরে তিনি বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাসায় চলে যান। পরদিন সকালে ফিরে এসে স্বামীকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণতোষ বণিক জানান, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।
এসআই প্রাণতোষ বণিক আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।