সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিদ্যুৎ বিতরণে শহর-গ্রামের চরম বৈষম্য দূর করার দাবি ক্যাবের

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২ জুন ২০২৬ | ৮:৫৭ অপরাহ্ন

cab
বিদ্যুৎ বিতরণে শহর ও গ্রামের মধ্যকার চরম বৈষম্য দূর করার জোর দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

একই সঙ্গে বিদ্যুৎ ও অন্যান্য জরুরি সেবা নিয়ে মনগড়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিবৃতিতে ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এই দাবি জানান।

বিবৃতিতে এস এম নাজের হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিইআরসির গণশুনানিতে প্রান্তিক গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, যাদের ওপর এই বাড়তি ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে, সেই গ্রামীণ গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ সুবিধাই পাচ্ছেন না। অনেক এলাকায় ১৫ মিনিট বিদ্যুতের পর ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং থাকছে।

ক্যাবের এই নেতা জানান, গত ১২ মে থেকে ৩১ মে পর্যন্ত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও মাতামুহুরী এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চরম অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দেখা গেছে।

তিনি বলেন, মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে গেলেও ওই এলাকারই মহেশখালীর সাধারণ মানুষ দিনের বেশিরভাগ সময় অন্ধকারে থাকছেন। এর চেয়ে বড় বিড়ম্বনা আর হতে পারে না।

ক্যাবের বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের দাবি করা হলেও বাস্তবে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎহীনতার অন্তহীন অভিযোগ রয়েছে।

ঈদের ছুটিতে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও গ্রামে ভোগান্তি ছিল আকাশচুম্বী। সামান্য বৃষ্টি বা ঝড়-হাওয়া হলেই আরইবি নিয়ন্ত্রিত এলাকায় লাইন সুরক্ষার নামে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, যা সচল হতে অনেক সময় কয়েক দিনও লেগে যায়।

এস এম নাজের হোসাইন জানান, বর্তমানে ৪৬২টি উপজেলায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে প্রায় তিন কোটি ৬০ লাখ গ্রাহককে সেবা দেওয়া হচ্ছে।

সংস্থাটি দেশের মোট চাহিদার প্রায় ৫৮ শতাংশ বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন করলেও দুর্বল অবকাঠামো, জনবল সংকট, ভুল ব্যবস্থাপনা ও নিম্নমানের সরঞ্জামের কারণে গ্রামীণ গ্রাহকরা শতভাগ বিদ্যুতায়নের সুফল পাচ্ছেন না।

এই পরিস্থিতি উত্তরণে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আমূল সংস্কার, গ্রামীণ অবকাঠামোর আধুনিকায়ন এবং শহর ও গ্রামের মধ্যকার বৈষম্য দূর করতে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ক্যাব।