
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই দিনে দুটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৯ জন আহত হয়েছেন।
সোমবার ও মঙ্গলবার উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় দৌলতপুর এলাকায় দুটি কুকুর কয়েকজনের ওপর আক্রমণ চালিয়ে পাঁচজনকে আহত করে। পরদিন মঙ্গলবার একই এলাকায় আরও ১৪ জন কুকুরের কামড়ে আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে রয়েছেন মমতাজ বেগম (৩৫), মো. রাশেদ (৪০), মো. সেলিম (৫২), মো. ওসমান (৪৫) ও রিমা আক্তার (২৪)। তারা সবাই দৌলতপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা হাসানুল করিম বলেন, গত দুই দিনে এলাকায় দুটি কুকুর একাধিক ব্যক্তিকে কামড় দেয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী কুকুর দুটিকে পিটিয়ে মেরে ফেলে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) কামরুল হাসান বলেন, গত দুই দিনে নারী ও শিশুসহ ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের সংকটের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এসব ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার কারণে সাধারণত জেলা হাসপাতালগুলোতে মজুদ রাখা হয়।
ঘটনার পর দৌলতপুর এলাকায় কুকুরের আক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।