সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কক্সবাজারে পাহাড়ধসে দুই নির্মাণশ্রমিক নিহত, আহত ৩

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ জুন ২০২৬ | ৫:১০ অপরাহ্ন


কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় পাহাড়ধসে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি কালভার্ট নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দরিয়ানগর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাসে যাওয়ার সড়কে একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল। এ সময় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ পাশের পাহাড়ের মাটি ধসে তাদের ওপর পড়ে।

এতে কয়েকজন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালভার্টটির নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুর রহিম মজুমদার বলেন, শ্রমিকরা নিরাপত্তাবিধি মেনেই কাজ করছিলেন। হঠাৎ মাটিধসে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, গুরুতর অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।