সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ইলিশিয়ায় অবৈধ গরুর হাট উচ্ছেদ, রশিদ বই জব্দ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ জুন ২০২৬ | ১১:১৩ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় প্রশাসনের অনুমোদন ছাড়াই বসানো একটি গরুর হাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাটের অফিস থেকে হাসিল আদায়ের কয়েকটি রশিদ বই জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাতামুহুরী উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠটি কোরবানির ঈদ উপলক্ষে অস্থায়ী পশুর হাট হিসেবে ইজারা দেওয়া হয়েছিল। তবে ঈদ শেষ হওয়ার পর ওই হাটের ইজারার মেয়াদও শেষ হয়ে যায়।

রুপায়ন দেব বলেন, প্রশাসনের অনুমোদন ছাড়া কিছু ব্যক্তি সেখানে পুনরায় গরুর হাট বসিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার অভিযানের নির্দেশ দেন।

এর পর সেখানে অভিযান চালিয়ে হাটটি উচ্ছেদ করা হয় এবং হাসিল আদায়ের রশিদ বই জব্দ করা হয় বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কোরবানির ঈদের সময় হাটটি অস্থায়ীভাবে ইজারা দেওয়া হয়েছিল। তবে ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও কিছু ব্যক্তি সেখানে গরুর হাট চালুর চেষ্টা করছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, হাটটি ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় ও ইলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসানো হচ্ছিল। ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুললে পাঠদানের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল।

প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে অনুমোদন ছাড়া সেখানে কোনো হাট বা বাজার বসানো হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।