
রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌযান ডুবে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালকসহ ১২ জন যাত্রী।
শুক্রবার (৫ জুন) সকালে কাপ্তাই হ্রদের সুবলং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাঙামাটি সদর থেকে বরকল উপজেলার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ছোট যাত্রীবাহী নৌযান সুবলং বাজার এলাকায় পৌঁছালে রাঙামাটি থেকে মাইনীমুখগামী লঞ্চ এমএল বিজলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে গিয়ে পানিতে তলিয়ে যায়।
দুর্ঘটনা দেখতে পেয়ে লঞ্চের কর্মচারী ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা চালান। পরে নৌযানে থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌযানে থাকা সবাইকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
তবে দুর্ঘটনার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, ইঞ্জিনচালিত নৌকাটি লঞ্চের আগে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় লঞ্চের পেছনের অংশে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও দ্রুত উদ্ধার কার্যক্রমের কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।