
আগামী ১৪ জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি চকরিয়া ও পেকুয়ায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন, ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন এবং চকরিয়ায় একটি জনসভায় ভাষণ দেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। এ সফরকে ঘিরে চকরিয়া ও পেকুয়াজুড়ে প্রশাসন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম একটি সম্ভাব্য সফরসূচি প্রকাশ করেন।
সূত্র জানায়, ১৪ জুন সকালে বিমানে কক্সবাজার পৌঁছে সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সকাল ১১টায় পার্ক পরিদর্শনের পাশাপাশি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
সাফারি পার্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পেকুয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন।
জিয়ারত শেষে প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন বলে জানা গেছে।
পেকুয়ার কর্মসূচি শেষে তিনি চকরিয়ায় ফিরে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন।
একই দিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনসভা শেষে তিনি কক্সবাজার শহরে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন বলে আশা করা হচ্ছে।
সফরের দ্বিতীয় দিন ১৫ জুন সকালে কক্সবাজারে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে একই দিন তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।
দুই দিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।