সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর চকরিয়া সফর: পরিস্থিতি পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ জুন ২০২৬ | ৮:১৫ অপরাহ্ন


আগামী ১৪ জুন রোববার কক্সবাজারের চকরিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফর ও জনসভাকে কেন্দ্র করে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠ এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাব্য স্থানসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ।

শুক্রবার সকাল দশটায় চকরিয়া পৌঁছান স্বরাষ্ট্র সচিব। পরে তিনি কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান ও জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে সঙ্গে নিয়ে চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল মাঠ, চকরিয়া উপজেলা এবং মাতামুহুরী উপজেলার নতুন প্রশাসনিক ভবন নির্মাণের জন্য নির্ধারিত এলাকাগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে চকরিয়ার জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ।

এ সময় চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ১৪ জুন সকাল ১১টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। দুপুরে সাঈদ ম্যানশনে অবস্থান ও মধ্যাহ্নভোজ শেষে বিকেলে চকরিয়ার পথে রওনা হবেন এবং মাঝপথে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন।

একই দিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে কক্সবাজারে সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তাঁর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই কর্মসূচিতে তাঁর সঙ্গে থাকবেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।