
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসের সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে মাতামুহুরী নদীতে চোরাবালিতে পড়ে সাংবাদিক অলি উল্লাহ রনির সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার বিকালে চকরিয়ার চিরিঙ্গা মাতামুহুরী সেতুর ওপর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’।
অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে সংগঠনটির চকরিয়া উপজেলা শাখা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরা চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক এ কে এম বেলাল উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইসফাত হোসেন ইসফাত।
সমাবেশে বক্তব্য দেন ধরার কক্সবাজার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদুল আলম শাহীন। তিনি বলেন, চকরিয়ায় সাংবাদিক অলি উল্লাহ রনির সন্তান মাতামুহুরী নদীর চোরাবালিতে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। পরিবেশ ধ্বংসের ফলে সৃষ্ট এই ঝুঁকি রোধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে এ কে এম বেলাল উদ্দীন বলেন, চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিন পেশাদার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তিনি এই ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বশির আল মামুন, ধরা চকরিয়ার সাধারণ সম্পাদক মো. ফরিদ বাবুল, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফছা খানম, নারী নেত্রী শাহানা বেগম, জেলা মৎস্যজীবী নেতা আশরাফ আলী এবং সাংবাদিক আবদুস সালাম কাকলী।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন চকরিয়া আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান জিসান, বাংলাদেশ আলোর জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, মমতা যুব মহিলা ক্লাবের সভাপতি খুকি চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট সদস্য সুমাইয়া সোলতানা এবং বাংলাদেশ জেলে সমবায় সমিতির সভাপতি নুরুল আবছার।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা শাহজাদী জাহান, সেলিনা আক্তার, কাকলী, কাইছার, জন্নতুন নেছা জিসান, লাকি দাশ, শিক্ষার্থী নাজিফা জাহান নাহি, শারমিন আক্তার পুতুল, নাজিয়া জান্নাত, মনি শীল, ইউথ সদস্য এস.আই. রুবেল, সাংবাদিক নুরুল ইসলাম সুমন এবং জামাল উদ্দীন।
সমাবেশে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। মাতামুহুরী নদীসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী, খাল ও জলাশয় রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।
কর্মসূচি শেষে পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ ধ্বংসকারী সকল অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।