সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৫ জুন ২০২৬ | ১১:০১ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে বন্দরনগরী চট্টগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই মিছিল শুরু হয়। পরে মিছিলটি কাজির দেউড়িতে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই আনন্দ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা করতালিতে চারপাশ মুখর করে তোলেন। তারা নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানানোর পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে নানা স্লোগান দেন।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করে নেতাকর্মীরা আশা করেন, নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে যুবদল আরও সুসংগঠিত ও বেগবান হবে।

সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এটি দলের নেতা তারেক রহমানের একটি দূরদর্শী ও কর্মীবান্ধব সিদ্ধান্ত।

তিনি আরও জানান, এই কমিটির মাধ্যমে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। একইসঙ্গে যুবসমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে যুবদল কাজ করে যাবে।