
চট্টগ্রামের মিরসরাইয়ে সুপারির ডাটা এবং লাগেজের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩১২ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে মো. আয়াস নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার মৌলভীপাড়া এলাকায়। তার কাছে থাকা সুপারির ডাটার ভেতরে লুকানো ১ হাজার ৩১২ পিস ইয়াবা পাওয়া যায়।
একই দিন সকালে ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় লাগেজের ভেতর কাপড়ের আড়ালে স্কচটেপে মোড়ানো ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পাবনার আমিনপুর থানার সাধুপাড়া এলাকার মো. জাফর ইকবাল এবং তার স্ত্রী মোছাম্মৎ জুথী।
অন্যদিকে, পৃথক তিনটি অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন দক্ষিণ মরগাং এলাকার মোছাম্মৎ শিরিনা বেগম ও মো. ইয়াছিন, চুরির মামলার সন্দেহভাজন মো. আলাউদ্দিন এবং ১৫১ ধারায় আটক শাহেদুজ্জামান শাহেদ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ইয়াবা পাচারের সময় আটক স্বামী-স্ত্রীসহ সব আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।