সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে তিনটি চোরাই গরু রেখে পালালো চোর, মালিক খুঁজছে পুলিশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ জুন ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরি করা তিনটি গরু রেখে পালিয়েছে চোর চক্র। বর্তমানে উদ্ধার হওয়া গরু তিনটি জোরারগঞ্জ থানা হেফাজতে রয়েছে। এখন এই গরুগুলোর প্রকৃত মালিককে খুঁজছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় বেদে পাড়া এলাকা থেকে এই গরুগুলো উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, রবিবার সকালে দক্ষিণ সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চুরির সঙ্গে জড়িতরা দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে গরুর প্রকৃত মালিককে এগুলো ফেরত দেওয়া হবে। একই সঙ্গে এই চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের কাজ চলমান রয়েছে।