
চট্টগ্রামের লোহাগাড়ায় শতবর্ষী একটি কবরস্থানের মাঝখানে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে উপজেলার কলাউজান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খালাদাদ খাঁন জামে মসজিদ কবরস্থান এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী শিহাব উদ্দিন, বর্তমান মেম্বার আব্দুর রহিম, সাবেক মেম্বার আব্দুস সাত্তার, মোহাম্মদ আইয়ুব, হাবিবুর রহমান, আব্দুল মান্নান, নুরুল আমিন আঙ্গুর, মোস্তাক আহমেদ, নাসির উদ্দিন সওদাগর, শাজাহান কবির, আনিসুর রহমান, প্রবাসী শামসুল ইসলাম, জাহাঙ্গীর সওদাগর, সাইফুল ইসলাম সাঈদ, ব্যাংকার আবু তাহের, মোহাম্মদ রায়হান এবং ইলিয়াছ। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কলাউজানের সাবেক চেয়ারম্যান মৌলভী ইদ্রিস, তার দুই চাচাতো ভাই আবুল বশর ও আনোয়ারসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কবরস্থানটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন।
সম্প্রতি চট্টগ্রাম জেলা পরিষদ থেকে পাওয়া বরাদ্দের অর্থ ব্যবহার করে কবরস্থানের মাঝখানে পাকা সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয়দের দাবি।
খালাদাদ খাঁন জামে মসজিদের এই কবরস্থানটি শত বছরেরও বেশি সময় ধরে এলাকার অন্তত শতাধিক পরিবারের পারিবারিক ও সামাজিক কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন ও সংস্কারের নামে এক লাখ টাকার বরাদ্দ এনে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে জায়গাটি একটি নির্দিষ্ট পরিবারের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। এমনটা হলে ভবিষ্যতে দাফন কার্যক্রমে জটিলতা সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হবে।
মানববন্ধনে বলা হয়, জমির মালিকানা দাবি করে সাবেক চেয়ারম্যান মৌলভী ইদ্রিস সম্প্রতি যে সংবাদ সম্মেলন করেছেন, তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। কবরস্থানটি একটি সার্বজনীন সম্পত্তি বলে দাবি করেন তারা।
এছাড়া খালাদাদ খাঁন জামে মসজিদের পুনর্নির্মাণ কাজেও একটি পক্ষ বিভিন্নভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এই ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় আইনজীবী শিহাব উদ্দীনের উদ্যোগে শতাধিক গ্রামবাসীর সই করা একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে।
ওই অভিযোগে সাবেক চেয়ারম্যান মৌলভী ইদ্রিস, তার ভাই আবুল বশর ও আনোয়ারসহ মোট ১০ জনকে বিবাদী করা হয়েছে। বিষয়টি নিয়ে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।