সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ জুন ২০২৬ | ৮:২৭ অপরাহ্ন


ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ২১ বছর পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানে জিতেছে স্বাগতিকরা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটি এবং মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে তারা।

মোসাদ্দেক হোসেন সৈকত ৭০ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় এই দুর্দান্ত ইনিংস খেলেন। তানজিদ হাসান তামিম ৫৪ এবং নাজমুল হোসেন শান্ত ৬৭ রান করেন।

২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে অস্ট্রেলিয়া। বৃষ্টি নামার আগে ৯ উইকেটে ১৯১ রান তুলতে সক্ষম হয় তারা।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে কুপার কনোলি, অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন ছাড়া আর কেউই ২০ রানের ঘর পার হতে পারেননি।

ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে বোল্ড করে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাসকিন আহমেদ। পরের ওভারে মার্নাশ লাবুশেনকে এলবিডাব্লিউ করেন মোস্তাফিজুর রহমান।

মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এরপর কুপার কনোলি ও জশ ইংলিস মিলে ৪৯ রানের জুটি গড়েন। তবে ইনিংসের ১১তম ওভারে জশ ইংলিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদ রানা।

এ সময় জশ ইংলিসের সঙ্গে নাহিদ রানার কিছুটা বাকবিতণ্ডা হয়। পরে অন্য খেলোয়াড়রা এসে পরিস্থিতি শান্ত করেন। এরপর নাহিদ রানা আরও আগ্রাসী বোলিং করেন এবং অ্যালেক্স ক্যারি, লিয়াম স্কট ও জাভিয়ের বার্টলেটকে সাজঘরে ফেরান।

এর আগে কুপার কনোলি ও অ্যালেক্স ক্যারি মিলে ৪০ রানের একটি জুটি গড়েছিলেন। ইনিংসের ২০তম ওভারে কুপার কনোলিকে (৩৫) আউট করে এই জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এরপর ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেন অ্যালেক্স ক্যারি। তবে ৪৭ রান করা অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন নাহিদ রানা।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ১২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৪০ রান।

একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ক্যামেরন গ্রিন। তিনি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন।

এরপর মিরপুরে বৃষ্টি শুরু হয়। তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১ উইকেট, আর অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৬ বলে ৯৪ রান। দীর্ঘ সময় অপেক্ষার পরও বৃষ্টি না থামায় বৃষ্টি আইনে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

বাংলাদেশের হয়ে ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন নাহিদ রানা। চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত ২ উইকেট নিয়েছেন। এছাড়া মোস্তাফিজুর রহমান দুটি ও তাসকিন আহমেদ একটি উইকেট পেয়েছেন।