
চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদ জুয়েল (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোহাম্মদ জুয়েল কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিয়া ঘোনা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
মামলার বিবরণ দিয়ে পুলিশ জানায়, গত ৮ জুন সকালে চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় বাসায় পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করেন মোহাম্মদ জুয়েল। এ সময় ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
পরে নিরুপায় হয়ে ওই দিন রাতেই ভুক্তভোগী নিজে বাদী হয়ে মোহাম্মদ জুয়েলকে একমাত্র আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।