
চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা সাতটার পর মার্কেট ও দোকান খোলা রাখায় কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে উপজেলার কেরানীহাট এলাকায় বিদ্যুতের অপচয় রোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিদ্যুৎ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মান্নান টাওয়ারের মালিকপক্ষকে ২০ হাজার টাকা এবং নিউ মার্কেট মালিক সমিতিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি একই এলাকায় দুটি ইলেকট্রনিক্স ও একটি কাপড়ের শোরুমকে আরও ১৫ হাজার টাকাসহ অভিযানে সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষকে সরকারের জ্বালানি সাশ্রয় সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা সাতটার পর দোকান ও মার্কেট বন্ধ রাখার কথা। কিন্তু কিছু প্রতিষ্ঠান সেই নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জাতীয় সম্পদের সুরক্ষায় সবাইকে সরকারি আইন মেনে চলার আহ্বান জানান।