
চট্টগ্রামের পটিয়ায় বড় পর্দায় দেখা যাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। মাসব্যাপী চলমান এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পটিয়া জেনারেল হাসপাতালের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদের সামনে এই বড় পর্দা স্থাপন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। এর আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা, নানা আয়োজন আর কোটি দর্শকের আবেগ। মাঠের সবুজ ঘাসে ৯০ মিনিটের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, আর টুর্নামেন্ট শেষে কার হাতে উঠবে সোনালি ট্রফি—সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো পটিয়া উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বড় পর্দায় বসে একসঙ্গে উপভোগ করতে পারবেন স্থানীয় দর্শকরা।
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন জানান, পটিয়া জেনারেল হাসপাতালের সৌজন্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ১২ ফুট বাই ৮ ফুট আকারের বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। তিনি সকল ক্রীড়ামোদী দর্শককে খেলা উপভোগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
পটিয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বাহাদুর খাদেমী বলেন, উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে দর্শকদের জন্য এই আনন্দঘন আয়োজন করা হয়েছে। খেলা সুষ্ঠুভাবে সম্প্রচারের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।